ছাত্রদল নেতা শাকিলের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় নেতারা
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ০৮:০৪ এএম | আপডেট: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ০৮:০৪ এএম
নাটোরের গুরুদাসপুরে হত্যাকাণ্ডের শিকার ছাত্রদল নেতা শাকিল ইসলামের কবর জিয়ারত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কবর জিয়ারত শেষে তারা শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার আশ্বাস দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সহসভাপতি নিজাম উদ্দিন ও যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম। এ ছাড়া নাটোর জেলা যুবদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজনসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাকিল হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসেনের দুই সহযোগী হাবিব ও ইরফান জড়িত বলে অভিযোগ করেছেন নিহতের বাবা রবিউল করিম। তাঁর দাবি, মৃত্যুর আগে শাকিল ওই দুজনের নাম বলে গেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য বেরিয়ে আসতে পারে বলে মনে করেন তিনি।
একই অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রে অবস্থান করে রাসেল হোসেন তাঁর সহযোগীদের হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সূত্রের দাবি, হাবিব ও ইরফান এলাকায় ‘চাটা গ্রুপের’ সহযোগী হিসেবে পরিচিত। এই গ্রুপের নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসেন। অভিযোগ রয়েছে, হাবিব ও ইরফান একসময় আওয়ামী লীগপন্থী ছিলেন এবং সে সময় এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের সঙ্গে আরও অনেকে যুক্ত রয়েছেন বলে স্থানীয়দের দাবি। প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে চান না বলেও জানা গেছে।
এ বিষয়ে নাটোর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত জানানো সম্ভব নয়। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হবে।
আরও পড়ুন
- বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ
- সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
- মৃত্যুর গুজব, বাসায় চিকিৎসা নিচ্ছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া
- নবনিযুক্ত বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভীকে "আমরা বিএনপি পরিবার"-এর অভিনন্দন
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
- ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন নাছির উদ্দিন নাছির
- জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
- সব ডিলিট করে দেন, তাহলে সব বলছি, জামায়াত এমপির আরেক ভিডিও ভাইরাল