1. »
  2. অর্থ বাণিজ্য

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ০৬:৫৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ০৬:৫৯ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। আগের কার্যদিবসে প্রায় ২ শতাংশ বাড়ার পর মঙ্গলবার মূল্যবান এই ধাতুর দাম কমেছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ২ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯০৪ দশমিক ৬৯ ডলারে দাঁড়ায়। 

একই সময়ে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার দর ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯১৪ দশমিক ৭০ ডলারে নেমে আসে।

ইরানের এক কর্মকর্তা যুদ্ধের অবসানে চুক্তি এখনো অনেক দূরে বলে মন্তব্য করার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি বেড়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে। এতে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

জ্বালানির দাম দীর্ঘ সময় উঁচু থাকলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কঠোর মুদ্রানীতি বজায় রাখার সম্ভাবনাও জোরালো হচ্ছে।

উইজডমট্রির পণ্যবাজার কৌশলবিদ নিশতেশ শাহ বলেন, তেলের দাম বাড়লে সাধারণত মূল্যস্ফীতির চাপ বৃদ্ধি পায়। এতে সুদের হার বাড়ার প্রত্যাশা তৈরি হয়, যা স্বর্ণের বাজারের জন্য নেতিবাচক। বর্তমানে বাজারে সেই পরিস্থিতিই দেখা যাচ্ছে।

সুদবিহীন সম্পদ হওয়ায় সুদের হার বাড়লে স্বর্ণে বিনিয়োগের সুযোগব্যয় বেড়ে যায়। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা বর্তমানে ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৭৫ শতাংশ দেখছেন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে শুরু হওয়া মধ্যবর্তী নির্বাচনও বিনিয়োগকারীদের নজরে রয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ডেমোক্র্যাটদের বড় জয় এআই ডেটা সেন্টার নির্মাণ এবং বৃহত্তর প্রযুক্তি খাতের বিনিয়োগে জটিলতা তৈরি করতে পারে। প্রযুক্তি খাতে নিয়ন্ত্রক সংস্থার বাড়তি নজরদারির কারণে চাপ তৈরি হলে অন্য খাতের লোকসান সামাল দিতে বিনিয়োগকারীরা স্বর্ণে নিজেদের অবস্থান কমাতে পারেন।

এদিকে, চলতি বছরে স্বর্ণে বিনিয়োগের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)। আগে ৪০০ মেট্রিক টন প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হলেও তা কমিয়ে ২০০ মেট্রিক টন করা হয়েছে।

স্বর্ণের বার ও কয়েনের চাহিদা দুর্বল হওয়াকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। তবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার পূর্বাভাস বাড়ানো হয়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও মঙ্গলবার নিম্নমুখী ছিল।

রুপা: ৩ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪৮ দশমিক ৯৩ ডলার।

প্লাটিনাম: ২ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৪১৯ দশমিক ০৭ ডলার।

প্যালাডিয়াম: ২ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৯৪০ দশমিক ৭৫ ডলার।

সূত্র: রয়টার্স