বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ০৯:৩১ এএম | আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ০৯:৩১ এএম
দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পেতে যাচ্ছে শিক্ষার্থীরা। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বঙ্গভবন পরিদর্শনের ব্যবস্থা করেছে রাষ্ট্রপতির কার্যালয়। এ লক্ষ্যে ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির কার্যালয়ের এ উদ্যোগের বিষয়ে দেশের মাদ্রাসাগুলোকে অবহিত করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা নির্দেশনায় মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি পরিদর্শনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী বঙ্গভবন পরিদর্শনে যেতে পারবে। তাঁদের সঙ্গে থাকতে পারবেন তিন থেকে চারজন শিক্ষক প্রতিনিধি। পরিদর্শনে অংশ নেওয়া শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক বা ইউনিফর্ম পরতে হবে।
শিক্ষার্থীদের জন্য বঙ্গভবন পরিদর্শনের সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা ৩০ মিনিট। সকাল ১০টায় প্রবেশের পর নির্ধারিত সূচি অনুযায়ী তাঁরা বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শনী দেখবে। এ ছাড়া তোশাখানা জাদুঘর, মূল ভবনের সামনের অংশ, এয়ার রেইড সেল্টার এবং হরিণ পার্ক ঘুরে দেখার সুযোগ পাবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের এই উদ্যোগের ফলে শিক্ষার্থীরা বঙ্গভবনের ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোয় প্রতিষ্ঠানটির ভূমিকা এবং কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবে।
আরও পড়ুন
- তিন নতুন সার কারখানার স্থাপনের পরিকল্পনা সরকারের
- মোংলা বন্দর আধুনিকায়নে সারাদেশের অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে: প্রধানমন্ত্রী
- মোংলা বন্দরে দুটি কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- মোংলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-চীনের মধ্যে সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর
- দীর্ঘ বিরতির পর সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
- বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু