বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:৪৮ এএম | আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:৪৮ এএম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমে আসায় মূল্যস্ফীতির আশঙ্কা কিছুটা প্রশমিত হয়েছে। এর প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৯ ডলার ৬৯ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার মূল্যও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ ডলারে পৌঁছায়।
এর আগে গত সপ্তাহেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছিল।
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত প্রশমনের সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। এতে জ্বালানি ব্যয় ও মূল্যস্ফীতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমেছে। স্বর্ণের বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন পরিসংখ্যান প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হারের বিষয়ে পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত নেয়, তা নিয়েও বাজারে সতর্ক অবস্থান রয়েছে।
সাধারণত সুদের হার কমার সম্ভাবনা তৈরি হলে স্বর্ণের চাহিদা বাড়তে পারে। কারণ স্বর্ণ থেকে নিয়মিত সুদ পাওয়া যায় না। ফলে সুদের হার কমলে অন্যান্য সুদভিত্তিক বিনিয়োগের তুলনায় স্বর্ণের আকর্ষণ বাড়ে।
সব মিলিয়ে তেলের দরপতন, মূল্যস্ফীতির চাপ কিছুটা কমার প্রত্যাশা এবং যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির অনিশ্চয়তা—এই তিনটি বিষয় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে।