1. »
  2. অর্থ বাণিজ্য

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১০:৫৪ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১১:১৭ এএম

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারে। এর ফলে ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

এর আগে বুধবারও প্রতি ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল সংগঠনটি। অর্থাৎ টানা দুই দিনে দেশের বাজারে স্বর্ণের দাম কমল।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

তবে স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওই বছর ৬৪ বার দাম বাড়ানোর বিপরীতে ২৯ বার কমানো হয়েছিল।