কিম জং উনের সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প: রুবিও
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১০:২৭ এএম | আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১০:২৭ এএম
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৮ নভেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও জানান, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় ধরনের মতবিরোধ রয়েছে, সেসব দেশের নেতাদের সঙ্গে আলোচনায় বসার পক্ষপাতী ট্রাম্প।
রুবিও বলেন, কোনো দেশের নেতার সঙ্গে বৈঠক বা আলোচনা করাকে দুর্বলতা কিংবা ছাড় দেওয়ার বিষয় হিসেবে দেখেন না ট্রাম্প। বরং মতবিরোধ থাকা দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ তৈরি করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের সঙ্গে বিরোধ রয়েছে, তাদের সঙ্গে কথা না বললে সমস্যার সমাধান সম্ভব নয়। ট্রাম্প প্রায়ই এ অবস্থানের কথা তুলে ধরেন। উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা কমাতেও আলোচনাকে গুরুত্ব দিচ্ছে তার প্রশাসন।
তবে ট্রাম্প ও কিমের মধ্যে শিগগিরই কোনো বৈঠক হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি রুবিও। তিনি স্পষ্ট করেন, আগামীকালই দুই নেতার বৈঠক হচ্ছে—এমন কোনো ঘোষণা তিনি দিচ্ছেন না। বরং ট্রাম্প আলোচনায় বসতে আগ্রহী, সেটিই তুলে ধরেছেন।
রুবিও আরও বলেন, আলোচনার মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া সম্ভব কি না, তা যাচাই করতে উদ্যোগ নেওয়া প্রয়োজন। তবে শেষ পর্যন্ত বৈঠক নাও হতে পারে।
এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করেছিলেন।
আরও পড়ুন
- মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র
- হরমুজে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবি
- বিচারকদের ক্ষমতা আরও কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন
- সৌদি রাজধানী রিয়াদে হুথিদের হামলার চেষ্টা, ধ্বংস ৪ ক্ষেপণাস্ত্র-ড্রোন
- হুয়াংকে মার্কিন কংগ্রেসের তিন কমিটি তলব
- হুথিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে ইইউকে সৌদি আরবের চাপ
- ইরানের সিরিক বন্দরে মধ্যরাতে একাধিক বিস্ফোরণ
- মোদিকে প্রশ্ন করায় নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল