1. »
  2. জাতীয়

ভোটের দিন চালু থাকবে মেট্রোরেল, বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১৮ এএম | আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১৮ এএম

ভোটের দিন চালু থাকবে মেট্রোরেল, বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটারদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। শুধু তাই নয়, ওই দিন মেট্রোরেলে ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে।

গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটির দিনগুলোতেও মেট্রোরেল স্বাভাবিক কর্মদিবসের মতোই চলাচল করবে।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, ভোটের দিন যাত্রী চাপ বিবেচনায় ট্রেন চলাচল আরও জোরদার করা হবে। তবে নিরাপত্তার স্বার্থে যেসব মেট্রো স্টেশনের গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে অবস্থিত, সেসব গেট সাময়িকভাবে বন্ধ রাখা হবে। স্টেশনের অন্যান্য গেট খোলা থাকবে।

এছাড়া নির্বাচনকালীন সময়ে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে গত ২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমিন মো. নূরুল ইসলামের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত।

এ ছাড়া মোটরসাইকেল চলাচলের ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

তবে জরুরি প্রয়োজন ও নির্বাচনসংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে এসব বিধিনিষেধে কিছু শিথিলতা রাখা হয়েছে।