1. »
  2. জাতীয়

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নতুন নির্দেশনা জারি

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৪ এএম | আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৪ এএম

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারে নতুন নির্দেশনা জারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের জন্য মোবাইল ফোন বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের পুলিশ ইনচার্জ, দায়িত্বে থাকা আনসার সদস্য এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

নির্বাচনকেন্দ্রে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবার নতুনভাবে যুক্ত করা হয়েছে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা দেখা দিলে এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে অবহিত করা যাবে। এতে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজ হবে বলে জানিয়েছে ইসি।

এদিকে, এবারের নির্বাচনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। দেশের মোট ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশ সদস্যদের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হবে।