আল-আকসা মসজিদ থেকে ইমামকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী
বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৩২ পিএম | আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৩২ পিএম
পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে মসজিদের এক ইমামকে আটক করেছে ইসরায়েলি পুলিশ।
ফিলিস্তিনি বার্তা সংস্থা WAFA জানায়, সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় ইমাম শাইখ মোহাম্মদ আল-আব্বাসিকে মসজিদের ভেতর থেকেই নিয়ে যাওয়া হয়। তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।
প্রতিবেদনে বলা হয়, ঘটনাকে ঘিরে জেরুজালেমের পুরোনো শহর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে আল-আকসাকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রবেশসংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। ইমাম, খতিব ও মুসল্লিদের ওপর নজরদারি বৃদ্ধির পাশাপাশি মসজিদে প্রবেশে বিভিন্ন সীমাবদ্ধতা আরোপের কথাও উল্লেখ করা হয়। একই সময়ে পুলিশের নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের প্রবেশ বেড়েছে বলেও দাবি করা হয়েছে।
পবিত্র রমজান মাস শুরুর আগে এ পদক্ষেপে মুসলিমদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এর আগে জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ একরিমা সাবরি অভিযোগ করেন, রমজানকে সামনে রেখে মুসল্লিদের আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে বেনিয়ামিন নেতানিয়াহু-এর প্রশাসন।
এদিকে ফিলিস্তিনি সংগঠন হামাস এক বিবৃতিতে জানায়, আল-আব্বাসির বিরুদ্ধে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদের দাবি, এটি আল-আকসার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত। পাশাপাশি রমজানকে সামনে রেখে মসজিদে প্রয়োজনীয় প্রস্তুতিতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
সূত্র: WAFA
আরও পড়ুন
- দেশ ছেড়ে পালানোর সময় জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার
- তারেক রহমানকে অভিনন্দন জানালেন কমনওয়েলথ মহাসচিব
- জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
- ইমরান খানকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত পাকিস্তান সরকারের
- নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ৩২
- নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ: ইইউ পর্যবেক্ষক প্রধান
- বাংলাদেশের জনগণকে জাতিসংঘের অভিনন্দন
- তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন