হোয়াইট হাউজের নৈশভোজে গুলি, নিরাপদে সরানো হয়েছে ট্রাম্পকে
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১১:১৯ এএম | আপডেট: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ ১১:১৯ এএম
যুক্তরাষ্ট্রের বার্ষিক হোয়াইট হাউজ সাংবাদিক সমিতির নৈশভোজ অনুষ্ঠানে গোলাগুলির ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাত ৮টা ৩৬ মিনিটে ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলের লবিতে সিক্রেট সার্ভিসের একটি চেকপয়েন্টে এই ঘটনা ঘটে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তারা সবাই সুস্থ আছেন।
ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি নিয়ে সিক্রেট সার্ভিসের চেকপয়েন্টে ঝাঁপিয়ে পড়ে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি হয়।
কর্তৃপক্ষ সন্দেহভাজন বন্দুকধারীকে ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের ৩১ বছর বয়সী কোল টোমাস অ্যালেন হিসেবে শনাক্ত করেছে। হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই বন্দুকধারীকে "একাকী নেকড়ে" বলে অভিহিত করেন।
সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করা হয়নি, তবে তাকে আটক করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। একজন সিক্রেট সার্ভিস এজেন্ট বুলেটপ্রুফ ভেস্টে গুলিবিদ্ধ হন এবং তিনি ভালো আছেন বলে জানানো হয়েছে।
ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানান, একজন "শুটারকে আটক করা হয়েছে" এবং তিনি দ্রুত ও সাহসিকতার সঙ্গে কাজ করার জন্য সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন।
হোয়াইট হাউজ সাংবাদিক সমিতির সভাপতি ওয়েইজিয়া জিয়াং বলেন, "সাংবাদিকতা একটি জনসেবা — সংকটের সময় আমরা পালিয়ে যাই না, ছুটে যাই। আজ রাতে আমি সবাইকে সেটি করতে দেখেছি। ঈশ্বরকে ধন্যবাদ, সবাই নিরাপদ আছেন।" তিনি জানান, অনুষ্ঠানটি পুনরায় আয়োজন করা হবে।
ট্রাম্প জানিয়েছেন, ৩০ দিনের মধ্যে অনুষ্ঠানটি পুনরায় আয়োজন করা হবে এবং এটি আরও নিরাপদ হবে। উল্লেখ্য, ওয়াশিংটন হিল্টন হোটেলে এর আগে ১৯৮১ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানও হোটেলের বাইরে গুলিবিদ্ধ হয়েছিলেন।
আরও পড়ুন
- কলম্বিয়ায় মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪
- হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী: কে এই কোল টমাস অ্যালেন?
- প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন নেতানিয়াহু
- ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি, ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার
- তিন সপ্তাহের যুদ্ধবিরতি, ওয়াশিংটনে বসছে ইসরায়েল-লেবাননের ঐতিহাসিক বৈঠক
- ভারতে ব্রেক বিকল হয়ে একাধিক যানে সংঘর্ষ, শিশুসহ নিহত ১১
- যুদ্ধবিরতির অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম