1. »
  2. আন্তর্জাতিক

কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪১ এএম | আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪১ এএম

কেপ ভার্দে পাহাড়ি সড়ক থেকে বাস খাদে পড়ে নিহত ২৫

কেপ ভার্দের ফোগো দ্বীপে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের বড় একটি অংশ স্কুলশিক্ষার্থী বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেসের বরাতে এ তথ্য জানা গেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে সাঁও ফিলিপ শহরের দিকে যাওয়ার সময় পাহাড়ি সড়কে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে চালকসহ মোট ৩২ জন ছিলেন।

দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনায় বাসচালকও মারা গেছেন। আহতদের ফোগো দ্বীপের সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার ঘটনায় গভীর শোক জানিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস।

নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।