1. »
  2. আন্তর্জাতিক

সৌদিতে আরামকোর তেল স্থাপনায় ড্রোন হামলা, নিহত ২

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ০৯:৪৬ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ০৯:৪৬ এএম

সৌদিতে আরামকোর তেল স্থাপনায় ড্রোন হামলা, নিহত ২

সৌদি আরবের দক্ষিণ-পূর্বাঞ্চলে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। সৌদি আরবের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা হামলাটি চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে আসা ড্রোন প্রতিহত করা হয়। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ পড়ে ফিলিপাইনের একজন ও নেপালের একজন নাগরিক নিহত হন। এ ঘটনায় আহত দুজনের একজন পাকিস্তানি এবং অন্যজন ভারতীয় নাগরিক।

এর আগে গত মাসে হুতি বিদ্রোহীদের একটি ড্রোন প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষের আঘাতে সৌদি আরবে বসবাসরত এক ইয়েমেনি নাগরিক নিহত হন।

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুর দিকে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে আরামকোর একটি প্রশাসনিক ভবনেও হামলা হয়। এতে সেখানে ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে লড়াই শুরু হওয়ায় চার বছরের যুদ্ধবিরতি ভেঙে গেছে। ইয়েমেনের এই সংঘাত মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও জটিল করে তুলেছে।

চলতি মাসে হুতিদের একাধিক হামলার পর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ অক্টোবর থেকে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে বুধবার অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য বিমানবন্দরটি আবার খুলে দেওয়া হয়েছে।

ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, সৌদিয়া ও ফ্লাইনাস বিমান সংস্থা বিমানবন্দরটি থেকে ফ্লাইট পরিচালনা করছে। তবে লুফথানসা ও এয়ার ফ্রান্সের মতো বড় বিমান সংস্থাগুলো নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত তাদের ফ্লাইট বাতিল রেখেছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস