1. »
  2. আন্তর্জাতিক

মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৪ পিএম | আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৪ পিএম

মৃত ভেবে শোক, ১০ দিন পর নেপালের ধ্বংসস্তূপে জীবিত মিলল বৃদ্ধা

নেপালের ভয়াবহ বন্যার পর ধ্বংসস্তূপের নিচে টানা ১০ দিন আটকে থেকেও প্রাণে বেঁচে গেছেন এক বৃদ্ধা। পরিবার যখন তাকে মৃত ধরে নিয়ে শোক পালনের প্রস্তুতি নিচ্ছিল, তখনই নিরাপত্তা বাহিনীর অভিযানে জীবিত উদ্ধার করা হয় তাকে।

রোববার (৬ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এ ঘটনা জানানো হয়েছে।

নুওয়াকোট জেলার বেত্রাওয়াতি গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধার নাম চণ্ডিকা কুমারী শ্রেষ্ঠ। বন্যার পানির প্রবল স্রোতে তার চারতলা বাড়িটি ভেসে গিয়ে কাদা ও ধ্বংসস্তূপের মধ্যে আটকে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পুলিশ কর্মকর্তা মহেন্দ্র দারনালের ভাষ্য অনুযায়ী, বাড়িটির ধ্বংসস্তূপে তল্লাশি চালানোর একপর্যায়ে উদ্ধারকারীদের কানে হঠাৎ সাহায্যের জন্য চিৎকার ভেসে আসে। শব্দের উৎস শনাক্ত করে শুরু হয় দ্রুত উদ্ধার অভিযান।

প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় ধ্বংসস্তূপের ভেতরে একটি সরু ফাঁকা জায়গায় চণ্ডিকাকে খুঁজে পান উদ্ধারকারীরা। পানি ও কাদায় ঘেরা ওই ছোট্ট জায়গায় সামান্য বাতাসের ব্যবস্থা থাকায় তিনি এতদিন টিকে থাকতে পেরেছেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারের পর তাকে সেনাবাহিনীর হাসপাতালে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে চণ্ডিকার নিখোঁজ হওয়ার পর তার পরিবার ধরে নিয়েছিল তিনি আর বেঁচে নেই। পুলিশ কর্মকর্তা দারনাল জানিয়েছেন, পরিবারের সদস্যরা তার মৃত্যুর আশঙ্কায় ১১ দিনের শোক পালনের আনুষ্ঠানিকতাও শুরু করেছিলেন। এর মধ্যেই ধ্বংসস্তূপ থেকে তার জীবিত উদ্ধারের খবর আসে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি বেত্রাওয়াতি। কাদা ও ধ্বংসস্তূপে সেখানে বহু ঘরবাড়ি, বাজার ও বহুতল ভবন চাপা পড়েছে। নিখোঁজদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।

রয়টার্সের তথ্য অনুযায়ী, ভয়াবহ এই বন্যায় নেপালজুড়ে ১ হাজার ৩০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও প্রায় ৫ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত শুক্রবার থেকে ধ্বংসস্তূপের বিভিন্ন অংশ থেকে আরও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ত্রিশূলী নদীর কাছ থেকে একজন চীনা নাগরিককে উদ্ধার করা হয়। ওই এলাকায় এখনো ৯০০ জনের বেশি মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক জীবিত মানুষ উদ্ধারের ঘটনায় উদ্ধারকারীদের মধ্যে নতুন আশার সৃষ্টি হয়েছে। এর আগে আট বছর বয়সী এক শিশুকেও জীবিত উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল।