1. »
  2. আন্তর্জাতিক

ভারতে এলোপাথাড়ি গুলিবর্ষণে নিহত ৫

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১০:৫৫ এএম | আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ১০:৫৫ এএম

ভারতে এলোপাথাড়ি গুলিবর্ষণে নিহত ৫

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে একটি হোটেলে গুলিবর্ষণের ঘটনায় একই পরিবারের সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও একজন। হোটেলের মালিক ও ইজারাদারের মধ্যে সম্পত্তি ও ইজারা চুক্তি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গুয়াহাটির উলুবাড়ি এলাকার বিলাস ইন হোটেলে এ হামলার ঘটনা ঘটে। হোটেলটির ইজারাদার ঘনকান্ত গোগোই গুলি চালিয়ে ছয়জনকে হতাহত করেন বলে অভিযোগ উঠেছে। পরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন হোটেলের মালিক হেলেনা ভরালী, তার ছেলে দেবর্ষি কাশ্যপ, পুত্রবধূ রিনিকি কাশ্যপ, পরিবারের আত্মীয় নারায়ণ দাস এবং হেলেনার ভাই ভূদেব ভরালী। গুলিবিদ্ধ হয়ে আহত সত্যেন্দ্র পাঠক গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আসাম পুলিশের কমিশনার পার্থ সারথি মহন্ত সাংবাদিকদের জানান, গুলিবিদ্ধ ছয়জনের মধ্যে পাঁচজন মারা গেছেন। ঘটনাস্থল থেকে একটি লাইসেন্সকৃত পয়েন্ট ৩২ বোরের পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রাথমিক তদন্তে হোটেলের ইজারা চুক্তি নিয়ে সম্পত্তিসংক্রান্ত বিরোধের বিষয়টি উঠে এসেছে।

পুলিশ কমিশনার আরও জানান, হতাহত সবাই হোটেলটির মালিকের সঙ্গে সংশ্লিষ্ট। ইজারাদার নিজেই গুলি চালিয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আসাম রাজ্য কংগ্রেসের সভাপতি ও জোরহাটের সংসদ সদস্য গৌরব গোগোই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

গুয়াহাটির উলুবাড়ি এলাকার হোটেলটিতে গুলিবর্ষণের ঘটনায় পাঁচজনের প্রাণহানির খবর উল্লেখ করে গৌরব গোগোই বলেন, এ ঘটনা শহরের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

তিনি আসামের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি এ ঘটনার দায় নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

সূত্র: এনডিটিভি