1. »
  2. আন্তর্জাতিক

হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১৪ পিএম | আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১৪ পিএম

হোটেল বন্ধ, কলকাতায় ফুটপাতে রাত কাটাচ্ছেন চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা

চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া বাংলাদেশি রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন, কারণ মধ্য কলকাতার অধিকাংশ হোটেল এখন বন্ধ। নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটসহ আশপাশের এলাকার শতাধিক হোটেল ও গেস্টহাউজ বন্ধ হয়ে যাওয়ায় অনেক রোগী ও তাদের পরিজনকে বাধ্য হয়ে ফুটপাত বা রাস্তার ধারে রাত কাটাতে হচ্ছে।

গত ১৯ আগস্ট ভোরে মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ ৯ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনার পরপরই কলকাতা পৌরসভা, দমকল বাহিনী ও পুলিশ যৌথভাবে শহরের হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ও অনুমোদন যাচাইয়ে অভিযান শুরু করে। নিরাপত্তা ঘাটতি পাওয়া হোটেলগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, যার জেরে একের পর এক হোটেল বন্ধ হতে থাকে। এ পর্যন্ত শতাধিক হোটেল ও গেস্টহাউজ বন্ধ হয়ে গেছে।

চিকিৎসার জন্য যাওয়া বেশিরভাগ বাংলাদেশির কাছে নিউ মার্কেট এলাকা পরিচিত ও তুলনামূলক কম খরচের জন্য জনপ্রিয় ছিল। 

হোটেল বন্ধ হওয়ায় এখন তাদের অনেক দূরের এলাকায় গিয়ে থাকতে হচ্ছে। কেউ বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে ঘর ভাড়া নিচ্ছেন, আবার কেউ ফুটপাতেই রাত কাটাচ্ছেন।

দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হয় এমন রোগীদের ভোগান্তি সবচেয়ে বেশি। ঠাকুরপুকুরের সরোজ গুপ্তা ক্যানসার সেন্টারসহ বিভিন্ন হাসপাতালে কেমোথেরাপি বা রেডিয়েশন নিতে আসা রোগীদের দিনের পর দিন কলকাতায় অবস্থান করতে হয়। 

প্রতিদিন দূরের এলাকা থেকে যাতায়াত করা অনেক পরিবারের পক্ষেই সম্ভব নয়। শুধু বাংলাদেশিরাই নন, পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরাও একই সংকটে পড়েছেন।

বিকল্প সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা না করেই এভাবে একযোগে হোটেল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি বিবেচনায় কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে। 

শুক্রবার কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে, কলকাতায় যাওয়ার আগেই যেন হোটেল বুকিং নিশ্চিত করে নেওয়া হয়।