1. »
  2. জাতীয়

ত্রয়োদশ সংসদের স্পিকার কে? চূড়ান্ত নাম আসছে শিগগিরই

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩৯ এএম | আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৩৯ এএম

ত্রয়োদশ সংসদের স্পিকার কে? চূড়ান্ত নাম আসছে শিগগিরই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কে হচ্ছেন নতুন স্পিকার—এ প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। ২৬ ফেব্রুয়ারির মধ্যে স্পিকারের নাম ঘোষণা হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 

সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নাম গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।

দলীয় ও সংসদীয় পর্যবেক্ষকদের মতে, দীর্ঘ আইনজীবী অভিজ্ঞতা, সাংবিধানিক ও নির্বাচনী আইন বিষয়ে দক্ষতা এবং রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার কারণে অ্যাডভোকেট জয়নুল আবেদীন স্পিকার পদের আলোচনায় এগিয়ে আছেন। তিনি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত এবং সাংবিধানিক, নির্বাচন ও জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সম্পৃক্ততা রয়েছে। পাশাপাশি তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সংসদীয় অভিজ্ঞতা ও রাজনৈতিক পরিপক্বতার সমন্বয় বিবেচনায় তার নাম আলোচনায় এসেছে বলে দলীয় সূত্রের দাবি। তবে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য মন্ত্রিসভা বা সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেলেও প্রবীণ নেতা ড. আবদুল মঈন খান এখনো সরকারের বাইরে রয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি নরসিংদী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। চারবারের নির্বাচিত এ সংসদ সদস্য ও সাবেক শিক্ষককে স্পিকার পদে বিবেচনা করা হতে পারে—এমন আলোচনা রাজনৈতিক মহলে রয়েছে। অনেকের মতে, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা সংসদ পরিচালনায় সহায়ক হতে পারে।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পদটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বপূর্ণ অবস্থান। স্পিকার সংসদ অধিবেশন পরিচালনা, কার্যপ্রণালী বিধি প্রয়োগ, সংসদীয় শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। এ পদে রাজনৈতিক নিরপেক্ষতা, প্রশাসনিক দক্ষতা ও সাংবিধানিক জ্ঞানের সমন্বয় অপরিহার্য।

বিশ্লেষকদের মতে, সংসদ পরিচালনায় আইনি ব্যাখ্যা ও রুলিং প্রদানের ক্ষেত্রে অভিজ্ঞ আইনজ্ঞের ভূমিকা কার্যকর হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সংসদীয় সমীকরণ ও দলীয় কৌশলের ওপর।

উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রথম অধিবেশনেই স্পিকার নির্বাচন হওয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী বিদায়ী স্পিকারের সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচনের বিধান থাকলেও এবার সে প্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে বলে আলোচনা রয়েছে।