প্রধানমন্ত্রী তারেক রহমান একুশে পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৩ এএম | আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৩ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী—
অভিনয় বিভাগে মনোনীত হয়েছেন ফরিদা আক্তার ববিতা।
চারুকলায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার।
স্থাপত্যে মনোনয়ন পেয়েছেন প্রখ্যাত স্থপতি মেরিনা তাবাসসুম।
সংগীতে (মরণোত্তর) সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু।
নৃত্যে স্বীকৃতি পাচ্ছেন অর্থী আহমেদ এবং পালাগানে সম্মানিত হচ্ছেন ইসলাম উদ্দিন পালাকার।
সাংবাদিকতায় মনোনীত হয়েছেন শফিক রেহমান।
শিক্ষাক্ষেত্রে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে স্বীকৃতি পাচ্ছেন তেজস হালদার জস।
এ ছাড়া সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ-কে ‘একুশে পদক-২০২৬’-এ ভূষিত করা হচ্ছে।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বিকেলে অংশ নেবেন বছরের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে। তিনি বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
উল্লেখ্য, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৬ সাল থেকে ‘একুশে পদক’ প্রদান করা হচ্ছে। এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
আরও পড়ুন
- বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না : প্রধানমন্ত্রী
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক
- মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু