মধ্যপ্রাচ্য উত্তেজনায় শাহ আমানত বিমানবন্দরে ২৫ ফ্লাইট বাতিল
সোমবার, ২ মার্চ, ২০২৬ ১২:৫৫ পিএম | আপডেট: সোমবার, ২ মার্চ, ২০২৬ ১২:৫৫ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বড় একটি অংশের কার্যক্রম। দুবাই, আবুধাবি ও শারজাহর বিমানবন্দরগুলো বন্ধ থাকায় গত তিন দিনে এই বিমানবন্দর থেকে অন্তত ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ওমানগামী মাস্কাট রুটে ফ্লাইট চলাচল এখনো স্বাভাবিক রয়েছে।
আজ সোমবার (২ মার্চ) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, সোমবার সকাল থেকেই মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু গুরুত্বপূর্ণ ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে: বিমান বাংলাদেশ এয়ারলাইনস: মধ্যপ্রাচ্যগামী ২টি ডিপার্চার (ফিরতি) ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনস: ১টি ডিপার্চার ও ১টি অ্যারাইভাল (আগমনী) ফ্লাইট। এয়ার আরাবিয়া: মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় আজ পর্যন্ত মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
দুবাই-শারজাহ রুটে অচলাবস্থা থাকলেও ওমানের মাস্কাট রুটে বিমান চলাচল করছে। সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে সালাম এয়ারের একটি ফ্লাইট (OV-401) শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে ৯টা ৩০ মিনিটে ফ্লাইটটি (OV-402) পুনরায় যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়।
ইব্রাহিম খলিল জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের প্রধান কয়েকটি বিমানবন্দর বন্ধ থাকায় এই শিডিউল বিপর্যয় ঘটছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের এই অনিশ্চয়তা এবং সময়সূচিতে পরিবর্তন অব্যাহত থাকতে পারে। হঠাৎ ফ্লাইট বাতিলের কারণে বিপাকে পড়েছেন শত শত প্রবাসী যাত্রী।
আরও পড়ুন
- রাজধানীর যানজট নিরসনে বিশেষজ্ঞদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক
- প্রবাসীদের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ, দিলেন জরুরি নির্দেশনা
- হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
- ভূমিকম্প মোকাবেলায় সরকারের নতুন উদ্যোগ, দ্রুত কার্যকরের নির্দেশ
- ঠাকুরগাঁও মেডিকেল কলেজের সিদ্ধান্ত হয়ে গেছে : মির্জা ফখরুল
- ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী