২৮৬ ফ্লাইট বাতিলের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চলাচল
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ০৩:৪৮ পিএম | আপডেট: শনিবার, ৭ মার্চ, ২০২৬ ০৩:৪৮ পিএম
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে কিছু গন্তব্যে ফ্লাইট চলাচল আবার শুরু হচ্ছে। বিশেষ করে ওমান ও সৌদি আরবগামী ফ্লাইটগুলো নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান নিরাপত্তা পরিস্থিতির কারণে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়ে। এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী বহু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বিভিন্ন এয়ারলাইন্স।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত মোট ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২০টি ফ্লাইট বাতিল করা হয়।
৭ মার্চ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ছিল কুয়েত এয়ারওয়েজের দুটি, জাজিরা এয়ারওয়েজের দুটি, এয়ার অ্যারাবিয়ার ছয়টি, গালফ এয়ারের দুটি, কাতার এয়ারওয়েজের চারটি এবং এমিরেটস এয়ারলাইন্সের চারটি ফ্লাইট।
তবে সংকটের মধ্যেও কিছু গন্তব্যে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ওমানের মাসকাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী মোট ২১৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ৬টি, ১ মার্চ ২০টি, ২ মার্চ ১৮টি, ৩ মার্চ ২২টি, ৪ মার্চ ৩৫টি, ৫ মার্চ ৩৮টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ৪১টি ফ্লাইট রয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও ধাপে ধাপে ফ্লাইট চলাচল বাড়ানোর চেষ্টা চলছে। ইতোমধ্যে ওমান ও সৌদি আরবগামী ফ্লাইটগুলো নিয়মিত চলছে এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু রুটেও ধীরে ধীরে ফ্লাইট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ অবস্থায় যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
- সেই শিশুর জন্যে এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না : প্রধানমন্ত্রী
- বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের ষ্ট্রদূতের বৈঠক
- মে মাসের মধ্যে হাম নিয়ন্ত্রণের আশাবাদ স্বাস্থ্যমন্ত্রী
- নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন জেলেরা
- সংসদে শৃঙ্খলা মেনে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে চাপ পড়বে না: প্রধানমন্ত্রী
- দেশে ফিরছে যুক্তরাষ্ট্রে নিহত জামিলের মরদেহ