1. »
  2. জাতীয়

মধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচলে বড় প্রভাব, ১১ দিনে ঢাকায় বাতিল ৩৯১ ফ্লাইট

বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১১:০৬ এএম | আপডেট: বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১১:০৬ এএম

মধ্যপ্রাচ্য সংকটে বিমান চলাচলে বড় প্রভাব, ১১ দিনে ঢাকায় বাতিল ৩৯১ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার (১১ মার্চ) আরও ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে।

বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—কুয়েত এয়ারের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৪টি, জাজিরা এয়ারের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে গত কয়েক দিনে ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিল হয়েছে।

২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়।

সব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৩৯১টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেবিচক।