1. »
  2. জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১০:৪৮ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ১০:৪৮ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর আহ্বানে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশন। সকাল ১১টায় সংসদের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হতে যাচ্ছে প্রথম সংসদ অধিবেশন। প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। সংসদের বিধি অনুযায়ী রাষ্ট্রপতি তাদের শপথ পড়াবেন এবং অধিবেশনে ভাষণও দেবেন।

অধিবেশনকে সামনে রেখে বুধবার (১১ মার্চ) দুপুরে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

তিনি বলেন, প্রথম অধিবেশন থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত আসতে পারে।

তিনি আরও জানান, আজকের অধিবেশনের পর আগামী ১৫ মার্চ আবার সংসদ বসবে। এরপর কিছুদিনের বিরতি থাকতে পারে। সংসদ কার্যক্রমে জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো প্রতিফলিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

অধিবেশন ঘিরে ইতোমধ্যে জাতীয় সংসদ ভবন নতুন করে সাজানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হয়ে বিভিন্ন সড়কে স্থাপিত ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করে মিছিল করেন। ওই সময় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (মানিক মিয়া ও নাখালপাড়া), পুরোনো এমপি হোস্টেল, মন্ত্রী হোস্টেল, সচিব হোস্টেল এবং সংসদ আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে গণপূর্ত বিভাগ ও সংসদ সচিবালয় যৌথভাবে মেরামতের কাজ সম্পন্ন করে। এতে প্রায় শত কোটি টাকার বেশি ব্যয় হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে বিজয়ীদের গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন। এতে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। বাকি আসনগুলোতে জয়ী হয়েছেন অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

বিজয়ী সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে সংসদের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি এমপি হিসেবে শপথ নেওয়ার পর বিএনপি জোটের সংসদীয় দলের বৈঠকে তারেক রহমান-কে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।

অন্যদিকে, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোট তাদের সংসদীয় দলের বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান-কে বিরোধীদলীয় নেতা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম-কে বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত করেছে।