1. »
  2. জাতীয়

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ০৮:০৫ পিএম | আপডেট: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ০৮:০৫ পিএম

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী।

আজ মঙ্গলবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। কমিশনের অনুমোদনক্রমে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।

পিএসসি আরও জানিয়েছে, প্রকাশিত ফলাফলে প্রয়োজন হলে সংশোধন আনার অধিকার কমিশন সংরক্ষণ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী ধাপ হিসেবে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে হবে। ভাইভার সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইট ও সংবাদমাধ্যমে জানানো হবে।

উল্লেখ্য, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। এ বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বিসিএস প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নিচ্ছে পিএসসি।