1. »
  2. ধর্ম

সৌদি পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু

বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:১১ এএম | আপডেট: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১০:১১ এএম

সৌদি পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব পৌঁছেছেন ২০ হাজার ৫৫৩ জন বাংলাদেশি হজযাত্রী। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সৌদিতে যান। এদিকে হজে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনস-এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস-এর ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছান।

তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ২ হাজার ৮৩০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৭ হাজার ৬৯৩ জন।

চলতি বছর এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিহত নইম উদ্দীন মন্ডলের বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল হজযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ওই দিন ৪১৯ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর প্রথম বিশেষ ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ২১ মে পর্যন্ত হজ ফ্লাইট চলবে এবং ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ৩০ জুন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।