বিজয়া দশমী আজ, বিষাদের সুরে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ০৯:৩৭ এএম | আপডেট: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ০৯:৩৭ এএম
শারদীয় দুর্গোৎসবের শেষ দিন আজ বিজয়া দশমী। দিনভর পূজা-অর্চনা, সিঁদুর খেলা ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের এ উৎসব। দেবী দুর্গাকে বিদায় জানাতে দেশের বিভিন্ন পূজামণ্ডপে নেওয়া হয়েছে নানা আয়োজন।
বুধবার (২১ অক্টোবর) সকালে দেশের বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে বিজয়া দশমীর বিহিত পূজা। পূজা শেষে দর্পণ বিসর্জন ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন ভক্তরা। পরে স্থানীয় আয়োজন ও নির্ধারিত সময় অনুযায়ী শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
হিন্দুশাস্ত্র অনুযায়ী, বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যান। তাই দেবীর বিদায়ের মুহূর্তে পূজামণ্ডপগুলোতে আনন্দের পাশাপাশি বিষাদের আবহ তৈরি হয়। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও ভক্তদের প্রার্থনার মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানো হবে।
বিজয়া দশমীর অন্যতম আকর্ষণ সিঁদুর খেলা। প্রতিমা বিসর্জনের আগে বিভিন্ন মণ্ডপে সনাতন ধর্মাবলম্বী নারীরা এ আয়োজনে অংশ নেবেন। দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন করে তা নিজেদের কপাল ও সিঁথিতে লাগানোর পাশাপাশি একে অপরকে সিঁদুর পরিয়ে দেবেন তারা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ রীতির মধ্য দিয়ে দেবীর আশীর্বাদ কামনা করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিজয়া দশমীর তাৎপর্য শুধু দেবীকে বিদায় জানানোর মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের ভেতরের অসুরিক প্রবৃত্তি, কাম, ক্রোধ, হিংসা ও লালসা পরিহার করে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তির পথে এগিয়ে যাওয়ার বার্তাও বহন করে এ দিন।
এদিকে প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন হয়েছে ঘোড়ায় চড়ে এবং গমন করবেন নৌকায়। দেবীর আগমন ও গমনকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মীয় ব্যাখ্যা ও বিশ্বাস।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। তবে দেবীর বিদায়ের বেদনার মধ্যেও ভক্তদের প্রত্যাশা—আগামী বছর আবারও আনন্দ ও উৎসবের আবহে ফিরে আসবেন দেবী দুর্গা।