২০২৭ বিশ্ব ইজতেমার চূড়ান্ত তারিখ ঘোষণা
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:০৯ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৩:০৯ পিএম
আগামী বছরের জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী টঙ্গীর ইজতেমা ময়দানে দুই পর্বে এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাদপন্থি মুরব্বিদের সঙ্গে আজ বৈঠক হয়েছে, এর আগে জুবায়েরপন্থিদের সঙ্গেও পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে দুই পক্ষই তাদের নিজ নিজ প্রস্তাব উপস্থাপন করেছে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সরকার।
সাদপন্থীদের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, জানুয়ারিতে জুবায়েরপন্থীদের দুই পর্ব শেষ হওয়ার পর তারা যৌক্তিক সময়ের ব্যবধান রেখে রমজানের আগে এক পর্বে ইজতেমা আয়োজন করতে চায়। বিকল্প হিসেবে চলতি নভেম্বরের শেষ দিকে ইজতেমা করার প্রস্তাবও দিয়েছে তারা।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জুবায়েরপন্থীরা প্রস্তাব দিয়েছে সাদপন্থীরা যেন অন্য কোথাও ইজতেমা আয়োজন করে, তবে সাদপন্থীরা এ প্রস্তাবে একমত নন।
ইজতেমা উপলক্ষে মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের নীতিমালা ও ভিসা ক্লিয়ারেন্স প্রক্রিয়ার ওপর নির্ভরশীল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের তুলনায় পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে এবং ২০২৫ সালের তুলনায় অপরাধের চিত্র এখন অনেকটাই ভালো। তিনি জানান, ছিনতাইয়ের প্রবণতাও কমে এসেছে। পুলিশের অভ্যন্তরে যারা সরকারকে অসহযোগিতা করছে তাদের চিহ্নিত করতে অভ্যন্তরীণ গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে মুসল্লিদের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতিবছর বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন এবং সাধারণত তাবলিগ জামাতের দুই পক্ষের ব্যবস্থাপনায় ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়।