1. »
  2. জাতীয়

রাজধানীর বাস টার্মিনালগুলো দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সোমবার, ১৫ জুন, ২০২৬ ০৭:০১ পিএম | আপডেট: সোমবার, ১৫ জুন, ২০২৬ ০৭:০১ পিএম

রাজধানীর বাস টার্মিনালগুলো দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার যানজট নিরসনে রাজধানীর চারটি আন্তঃনগর বাস টার্মিনাল অতিদ্রুত শহরের বাইরে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

স্থানান্তরের আওতায় থাকা চারটি টার্মিনাল হলো ফুলবাড়িয়া-গুলিস্তান, গাবতলী, মহাখালী এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল। সিদ্ধান্ত অনুযায়ী, ফুলবাড়িয়া-গুলিস্তান টার্মিনাল যাবে কেরানীগঞ্জে, গাবতলী টার্মিনাল হেমায়েতপুরে এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী টার্মিনাল স্থানান্তরিত হবে কাঁচপুরে। মহাখালী টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাঞ্চলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গির কাছে নেওয়া হবে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার তাগাদাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন ও এআই ক্যামেরা স্থাপনসহ সার্বিক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ট্রাফিক সিগন্যালিংয়ে এআই ক্যামেরা স্থাপনের সুফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। যানজট নিরসন নিয়ে এটি ছিল তার তৃতীয় বৈঠক।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকদ্বয়, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।