1. »
  2. জাতীয়

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: উপদেষ্টা জাহেদ

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ০৬:০৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ০৬:০৪ পিএম

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: উপদেষ্টা জাহেদ

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের বিষয়ে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। 

মঙ্গলবার (১৬ জুন) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

দিল্লি বিমানবন্দরে হয়রানির ঘটনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, আজ ভারতে থাকার কথা ছিল, কিন্তু ঘটনাচক্রে বাংলাদেশে ফিরে এসেছেন। তিনি জানান, ব্যক্তি হিসেবে নয়, সরকার ও রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলেন। দুই ঘণ্টা আটকে রাখার পর তাঁর কাছে মনে হয়েছে তাৎক্ষণিক প্রতিবাদ করা দরকার, তাই ফিরে আসার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে রাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে একটি বার্তা সবার কাছে পৌঁছানো দরকার ছিল— এটি শেখ হাসিনার সরকার নয়, এটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকার।

জাহেদ উর রহমান জানান, এ ঘটনার পরবর্তী বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে এবং সরকার কতটা প্রতিক্রিয়া দেখাবে তা-ও তারাই নির্ধারণ করবে। তবে এ ঘটনা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কে প্রভাব ফেলবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

উপদেষ্টা বলেন, 'সবার আগে বাংলাদেশ'— এই নীতিতে প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক হবে। রাষ্ট্রের আত্মসম্মান বিকিয়ে দিয়ে কাউকে সুবিধা দেওয়ার নীতিতে সরকার যাবে না। যথাযথ আমন্ত্রণ পেলে ভারতে যাবেন জানিয়ে তিনি বলেন, সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে এনগেজ হতে চান। অন্তর্বর্তী সরকারের সময় সম্পর্ক যে পর্যায়ে গেছে, তা কাটিয়ে উঠে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।