বাজেটকে গণবিরোধী বলা ব্যক্তিরা জনগণের শত্রু : প্রধানমন্ত্রী
বুধবার, ১৭ জুন, ২০২৬ ০৪:৩৭ পিএম | আপডেট: বুধবার, ১৭ জুন, ২০২৬ ০৮:৩৮ পিএম
জনগণের কল্যাণে প্রণীত বাজেটকে যারা 'গণবিরোধী' বা 'চানাচুরের বাজেট' বলে সমালোচনা করছেন, তারা কখনো জনগণের বন্ধু হতে পারেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের জন্য রাজনীতি না করলে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়।
বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। তিনি জানান, আগামী এক বছরের মধ্যে ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলো আগামী পাঁচ বছরে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে শুল্ক প্রত্যাহারের মতো উদ্যোগ সাধারণ মানুষের স্বার্থেই নেওয়া হয়েছে। এই বাজেটকে যারা 'জনবিরোধী' বলছেন, তাদের বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে যায় তারা জনগণের জন্য রাজনীতি করেন না। যারা জনগণকে বিভ্রান্ত করে, সংসদের ভেতরে হোক বা বাইরে, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিগত ১৭ বছরে দেশ থেকে জনগণের অর্থ পাচার হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, এই অর্থ আর পাচার হতে দেওয়া হবে না এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় বন্ধ করা গেলে জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনায় কোনো অর্থসংকট থাকবে না। তিনি আরও বলেন, চা শ্রমিকদের গৃহনির্মাণ অনুদান, শিক্ষার্থীদের বৃত্তি ও প্রতিবন্ধীদের চিকিৎসা সহায়তার মতো উদ্যোগ অতীতে কোনো সরকার নেয়নি।
জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না এবং বাংলাদেশের গণতন্ত্র কেউ ধ্বংস করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ৫০ জন নারী চা শ্রমিককে গৃহনির্মাণের জন্য দুই লাখ টাকা করে অনুদানের চেক, চা শ্রমিক পরিবারের ১৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। বিতরণ শেষে বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
- ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণদিচ্ছে সরকার, দৈনিক ভাতা মিলবে ২০০ টাকা
- প্রাণিকুলের প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
- প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন : রিজভী
- ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- বাঁধনের ওপর হামলাকাণ্ডে ইতালীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী