বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি: আতিউর রহমানসহ ৬৪ জনের বিরুদ্ধে চার্জশিট
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১২:১০ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১২:১০ পিএম
বাংলাদেশ ব্যাংকের বহুল আলোচিত রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ দেশি-বিদেশি মোট ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দীর্ঘ তদন্ত শেষে প্রায় ১০ হাজার পৃষ্ঠার খসড়া অভিযোগপত্র (চার্জশিট) প্রস্তুত করে তা আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সিআইডির মুখপাত্র জসীমউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১০ বছরেরও বেশি সময় ধরে তদন্ত চালানোর পর এই খসড়া চার্জশিট প্রস্তুত করা হয়েছে।
অভিযোগপত্রে বাংলাদেশের ১০ জনসহ ভারত, শ্রীলঙ্কা ও চীনের নাগরিকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ও মেজবাউল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাবেক মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান এবং উপপরিচালক জোবায়ের বিন হুদা। এছাড়া বাংলাদেশ ব্যাংকের তৎকালীন আইটি উপদেষ্টা ভারতীয় নাগরিক রাকেশ আস্থানার নামও রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, খসড়া অভিযোগপত্রটি বর্তমানে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে যাচাই-বাছাই চলছে। সেখান থেকে আইনি মতামত পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে অজ্ঞাতনামা হ্যাকাররা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে থাকা ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করে। এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের চারটি হিসাবে স্থানান্তর করা হয় এবং ২০ মিলিয়ন ডলার শ্রীলঙ্কার একটি ব্যাংকে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বানান ভুলের কারণে শ্রীলঙ্কায় অর্থ স্থানান্তর ব্যর্থ হয়।
পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক ফিলিপাইন থেকে প্রায় ১৫ মিলিয়ন ডলার পুনরুদ্ধার করতে সক্ষম হয়। এই ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়, যা বর্তমানে সিআইডি তদন্ত করছে।
এদিকে সিআইডি জানিয়েছে, ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে থাকা ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুত এই অর্থ দেশে ফেরত আনার চেষ্টা চলছে।
আরও পড়ুন
- যুক্তরাষ্ট্রের সঙ্গে এআরটি চুক্তি বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী
- সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাজেটকে গণবিরোধী বলা ব্যক্তিরা জনগণের শত্রু : প্রধানমন্ত্রী
- দেশ ও মানুষের ভাগ্য বদলই সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী
- বিএনপি বিটের সাংবাদিকদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
- বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: উপদেষ্টা জাহেদ
- সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর
- উপদেষ্টা হয়রানির ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করল ঢাকা