1. »
  2. জাতীয়

মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রবিবার, ২১ জুন, ২০২৬ ০৩:২৯ পিএম | আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬ ০৩:২৯ পিএম

মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রবিবার (২১ জুন) বিকাল পৌনে ৩টায় তিনি ঢাকা ত্যাগ করেন। 

এই সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য ও দলীয় শীর্ষ নেতারা।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীনে যাবেন। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এই দুই দেশ সফরকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারি জোরদার করা, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বাড়ানোর লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

চীন সফরকালে আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে ২৩ থেকে ২৫ জুন চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরে অনুষ্ঠিতব্য ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে (সামার দাভোস ফোরাম) যোগ দেবেন তিনি। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই সম্মেলনে ৯০টির বেশি দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা ও প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে মতবিনিময় করবেন।

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রটোকলসহ সর্বমোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দীর্ঘদিনের আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও কথা বলার কথা রয়েছে দুই দেশের মধ্যে।

চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ ও উন্নয়ন খাতে সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেওয়া হবে। অন্যদিকে মালয়েশিয়া সফরে গুরুত্ব পাবে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার সহযোগিতা এবং বিনিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়গুলো।

সফর শেষে আগামী ২৬ জুন রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

আরও পড়ুন