মালয়েশিয়ায় লালগালিচা অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ২২ জুন, ২০২৬ ১১:০৮ এএম | আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬ ০৩:৪১ পিএম
মালয়েশিয়ার সফরে গিয়ে প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায়রাষ্ট্রীয় মর্যাদায় সংবর্ধিত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে।
আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেল থেকে মোটর শোভাযাত্রাসহকারে রওনা দেন তারেক রহমান ও জুবাইদা রহমান। সকাল ৯টায় তাঁরা পৌঁছান পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে, যেখানে তাঁদের অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল।
অভ্যর্থনার পরই লালগালিচায় দাঁড়িয়ে তারেক রহমান ও জুবাইদা রহমানকে গার্ড অব অনার দেয় মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল। এ সময় বাজানো হয় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত। গার্ড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপর দুই দেশের প্রধানমন্ত্রী একে অপরের সফরসঙ্গী ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচয়পর্ব সারেন। আনুষ্ঠানিকতা শেষে ভবনের প্রবেশপথে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তারেক রহমান।
স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় পেরদানা পুত্রা ভবনের পঞ্চম তলায় একান্ত বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী। তারপরই শুরু হয় উভয় দেশের প্রতিনিধিদলের নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক।
বাংলাদেশের প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়ামসহ অন্যরা।
পররাষ্ট্রসচিবের আগের বক্তব্য অনুযায়ী, বৈঠকে আলোচনায় গুরুত্ব পাচ্ছে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী পাঠানো, সেমিকন্ডাক্টরশিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগের মতো ক্ষেত্রগুলো।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন দুই প্রধানমন্ত্রী। তারপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তারেক রহমান, জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা, যেখানে মালয় ও বাংলা ভাষায় গান পরিবেশন করবেন মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীরা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রজায়ার প্রধানমন্ত্রীর ভবন অভিমুখী সড়কের দুই পাশে টাঙানো হয়েছে দুই দেশের জাতীয় পতাকা।
আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গতকাল রোববার স্থানীয় সময় রাত পৌনে নয়টায় কুয়ালালামপুর পৌঁছান তারেক রহমান। বিমানবন্দরে তাঁকেও দেওয়া হয় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার, যার সময় বাজানো হয় দুই দেশের জাতীয় সংগীত।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেন তারেক রহমান। মালয়েশিয়া সফরই তাঁর প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর।
আরও পড়ুন
- ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণদিচ্ছে সরকার, দৈনিক ভাতা মিলবে ২০০ টাকা
- প্রাণিকুলের প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
- প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন : রিজভী
- ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- বাঁধনের ওপর হামলাকাণ্ডে ইতালীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী