1. »
  2. জাতীয়

ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়াই বাজেটের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন, ২০২৬ ১২:৩৪ পিএম | আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২৬ ১২:৩৪ পিএম

ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়াই বাজেটের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

দেশের সাধারণ মানুষের জন্য ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গঠনই এবারের বাজেটের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, জাতীয় সংসদ ধীরে ধীরে জাতিকে আশার আলো দেখাতে সক্ষম হয়েছে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট একটি জীবনঘনিষ্ঠ ও জনবান্ধব বাজেট। সরকারের সদিচ্ছার কারণে অন্যান্য বছরের মতো এবার বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের দামে বড় ধরনের কোনো ঊর্ধ্বগতি দেখা যায়নি।

তিনি আরও উল্লেখ করেন, দেশে অর্থনৈতিক কিছু সংকট থাকলেও কার্যকর নীতিমালার মাধ্যমে সরকার তা সফলভাবে মোকাবিলার চেষ্টা করছে।

তারেক রহমান বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় একটি বড় বাজেট ঘোষণা করা হয়েছে এবং জনগণের প্রতি সরকারের যে আস্থা রয়েছে, তা রক্ষা করা একটি পবিত্র দায়িত্ব।

তিনি আরও জানান, বাজেটের মাধ্যমে দেশকে একটি নতুন অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করানোর চেষ্টা চলছে।

প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতিকে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে বের করে এনে সাধারণ মানুষের জন্য ন্যায়ভিত্তিক কাঠামো গড়াই সরকারের মূল উদ্দেশ্য।

এ ছাড়া বাজেটের লক্ষ্য হিসেবে তিনি অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।