প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ০৯:১৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ০৯:১৯ পিএম
প্রতি বছরই বাজেট পাসের পর নৈশভোজের রেওয়াজ রয়েছে। এই নৈশভোজের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। সেখানে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। কিন্তু এবার বাজেট পরবর্তী নৈশভোজের আয়োজন করা হচ্ছে না। ব্যয় সংকোচনের কথা বিবেচনা করে এবার নৈশভোজও বাতিল করা হয়েছে, এতে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানিয়েছেন।
এদিকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের প্রক্রিয়ায় জাতীয় সংসদে কর্মব্যস্ত সময় অতিবাহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল পৌনে ১০টা থেকে পুরোটা সময় সংসদে উপস্থিত থেকে বাজেট পাসের প্রক্রিয়ায় অংশ নেন তিনি।
আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সকাল পৌনে ১০টায় সংসদে যান এবং শুরু থেকেই অধিবেশন কক্ষে ছিলেন। বাজেটের মঞ্জুরি দাবির ওপর ভোটগ্রহণ প্রক্রিয়াসহ আইন প্রণয়ন কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি বিরতির সময়ে দাপ্তরিক কাজ সেরেছেন এবং জরুরি গুরুত্বপূর্ণ ফাইলেও সই করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতিবছর গড়ে ৩০ থেকে ৫৫ কোটি টাকা ব্যয় হতো। এর বাইরেও প্রতি বছর ১০ থেকে ১২ কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে বলে দেখা গেছে।
উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০১৮-১৯ অর্থবছরে এই খাতে খরচ হয়েছিল ৩০ কোটি ২ লাখ ৯৭ হাজার ৩৩৫ টাকা। তখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের খাবার সরবরাহ করত বাংলাদেশ পর্যটন করপোরেশন। বিগত সরকারের আমলের এই বিশাল অঙ্কের বকেয়া এখনো রয়ে গেছে, যা বর্তমান সরকারকে পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান আপ্যায়ন ভাতা কাটছাঁট করেছেন। চলতি মাসে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে ১১ লাখ ৬৯ টাকা। এ ছাড়া দুই ঈদে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অনুষ্ঠানে আপ্যায়ন বাবদ ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা।
আরও পড়ুন
- জুয়া প্রতিরোধে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন পাস
- হাসিনার বক্তব্য প্রচার বন্ধে আদালতের নির্দেশনা মানছে না কিছু গণমাধ্যম: তথ্য উপদেষ্টা
- ন্যায়ভিত্তিক অর্থনৈতিক কাঠামো গড়াই বাজেটের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে 'VEON'এর চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
- পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
- অবসরভাতা বিতরণ বোর্ডে সাড়ে ৭ হাজার কোটি টাকার ঘাটতি : শিক্ষামন্ত্রী
- মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- মালয়েশিয়া-চীন সফরে কোনো ব্যক্তিগত নয়, এটি দেশের অর্জন: প্রধানমন্ত্রী