কবি নজরুল এ ভূখণ্ডে না জন্মালেও তাঁর হৃদয়জুড়ে ছিল বাংলাদেশের : প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ০২:৫৬ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ০২:৫৬ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম এই ভূখণ্ডে না হলেও তাঁর হৃদয়ের বিশাল অংশজুড়ে ছিল বাংলাদেশ, আর এ কারণেই বাংলাদেশও তাঁকে হৃদয় দিয়ে ভালোবাসে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, নজরুল বর্ষ উদযাপনের বছরব্যাপী কর্মসূচি আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। তিনি বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে সারাদেশের নজরুল বিশেষজ্ঞ ও নজরুল প্রেমীদের নিয়ে গঠিত ‘নজরুল বর্ষ উদযাপন জাতীয় কমিটি’র মাধ্যমে দেশের সব জেলা-উপজেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বছরজুড়ে প্রতিটি অনুষ্ঠান সফলভাবে পালন করা জরুরি।
প্রধানমন্ত্রী বলেন, ১৯১৪ সালে কিশোর বয়সে কবি প্রথমবারের মতো ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন। কবির স্মৃতিবিজড়িত সেই ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখছে সরকার। পাশাপাশি ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
তারেক রহমান নজরুলকে বর্ণনা করেন বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি ও বাংলাদেশের ঐতিহ্যের কবি হিসেবে। তিনি বলেন, পরাধীন ও পর্যুদস্ত জাতির ভাগ্যাকাশে নজরুলের আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো, আর অন্যায়, শোষণ, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে তাঁর কলম ছিল শানিত অস্ত্র। প্রেম, প্রকৃতি, ইসলামী মূল্যবোধ থেকে শ্যামা সংগীত—প্রতিটি ক্ষেত্রেই নজরুলকে শুদ্ধ প্রকাশের প্রতীক বলে উল্লেখ করেন তিনি।
মহান মুক্তিযুদ্ধে নজরুলের কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রবল উৎস বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের সব আন্দোলন-সংগ্রামে নজরুলের সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ-প্রতিরোধের মূল ভাষা, আর তিনি জাতির যাপিত জীবনের অনিবার্য অংশ হয়ে আছেন।
প্রধানমন্ত্রী বলেন, শুধু অতীত ইতিহাস নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জীবনেও নজরুল প্রাসঙ্গিক। এ কারণেই জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরও গভীর করতে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু হয়েছে বলে জানান তিনি। প্রতিটি রাষ্ট্র ও সমাজে এমন কিছু ক্ষণজন্মা মানুষ জন্ম নেন যাঁরা সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক দর্শনে প্রবল প্রভাব বিস্তার করেন, নজরুল তেমনই একজন ব্যক্তিত্ব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সবশেষে প্রধানমন্ত্রী কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য, সংগীত, দর্শন ও মানবিক চেতনাবোধের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, এই উদযাপনের মাধ্যমে দেশে-বিদেশে জাতীয় কবির সৃষ্টিকর্ম নতুনভাবে মূল্যায়িত হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
আরও পড়ুন
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ডিজিটাল নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ
- নতুন রঙে ফিরল বাংলাদেশ পুলিশ
- পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি
- শহীদ স্মরণে আজ থেকে মাসব্যাপী কর্মসূচি শুরু
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা
- জুয়া প্রতিরোধে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান রেখে আইন পাস
- হাসিনার বক্তব্য প্রচার বন্ধে আদালতের নির্দেশনা মানছে না কিছু গণমাধ্যম: তথ্য উপদেষ্টা