বরিশালের গৌরনদীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১০:৫৭ এএম | আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ১০:৫৭ এএম
বরিশালের গৌরনদী উপজেলায় পৌঁছে সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার সকাল ১০টায় তাঁর গাড়িবহর গৌরনদী পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।
এর আগে এদিন ভোর ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে বাসযোগে বরিশালের উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সফর।
‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচি রয়েছে; কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরবেন।
সফরকালে গৌরনদীতে বৃক্ষরোপণের পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
কর্মসূচি অনুযায়ী, দুপুরে জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমিসংলগ্ন সাগরদী খালের পাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এরপর বরিশাল সিটি করপোরেশন এলাকায় ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি এবং বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি। দুপুরে সার্কিট হাউজে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ সারবেন। কর্মসূচী শেষ করে সন্ধ্যায় ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর
বরিশালের প্রবেশপথ গৌরনদীতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের প্রিয় নেতা তারেক রহমানকে মুহুর্মুহু করতালি দিয়ে স্বাগত জানান। ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজ বুলেটপ্রুফ বাস থেকে প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। তারেক রহমানের নিষেধ থাকায় তাঁর ছবি সংবলিত কোনো স্বাগত তোরণ নির্মাণ করা হয়নি, ছিল না কোনো ব্যানার-ফেস্টুনও।
আরও পড়ুন
- বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসকদের ছুটি স্থগিত, স্বাস্থ্যসেবা জোরদার
- ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের
- প্রথমবারের মতো বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী
- বৃক্ষরোপণ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিনিয়োগ: প্রধানমন্ত্রী
- পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ধানের শীষ হাতে দাঁড়ানো নিরাপত্তাকর্মীর জন্য প্রধানমন্ত্রীর মানবিক উপহার
- ঢাকা মেডিকেলের ৮০ বছর পূর্তিতে ক্যাম্পাসে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা