1. »
  2. জাতীয়

‘সবার জন্য বাংলাদেশ’ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ০২:২৫ পিএম | আপডেট: সোমবার, ১৩ জুলাই, ২০২৬ ০২:২৫ পিএম

‘সবার জন্য বাংলাদেশ’ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে ফ্যামিলি কার্ডধারী নারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা দিয়েছেন তিনি। এ হিসাবে প্রতিটি উপজেলায় গড়ে প্রায় ৭ হাজার পরিবার এ সুবিধা পাবে বলে জানান প্রধানমন্ত্রী।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গৌরনদীর বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থনই সরকারের রাজনৈতিক শক্তির মূল উৎস। জনগণ পাশে থাকলে দেশের পুনর্গঠনের কাজ এগিয়ে নিতে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াতে পারবে না।

অনুষ্ঠানের শুরুতে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের কাছে এর সুফল সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় পারুল আখতার নামে এক নারী মঞ্চে উঠে বলেন, ফ্যামিলি কার্ড পাওয়ার পর তার পরিবারের আর্থিক সংকট কিছুটা কমেছে এবং ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত রাখার আশা করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, বাটাজোরে প্রায় ৬০০ পরিবার ফ্যামিলি কার্ড পেলেও এখনও অনেক পরিবার এই সুবিধার বাইরে রয়েছে। পর্যায়ক্রমে তাদেরও এর আওতায় আনা হবে।

তিনি বলেন, আগামী এক বছরের বাজেট অনুযায়ী সারাদেশে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় ৪ কোটি পরিবারের নারী প্রধানদের হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্য রয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এর মাধ্যমে নারীদের জীবনযাত্রায় স্বস্তি আনা, পরিবার পরিচালনায় সহায়তা করা এবং তাদের অর্থনৈতিকভাবে আরও সক্ষম করে তোলাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সমাজে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব হবে। এর ফলে নারীরা ধীরে ধীরে শিক্ষার আলোয় এগিয়ে যাবেন এবং অর্থনৈতিকভাবেও শক্তিশালী হয়ে উঠবেন।

সরকারের এ উদ্যোগ সফল করতে নারী সমাজের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, সবাই পাশে থাকলে ধাপে ধাপে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে।

দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিককে সঙ্গে নিয়ে শান্তি ও মানবিকতার ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন করতে চায় সরকার।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এর পাশাপাশি এখন লক্ষ্য হবে ‘করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’। আগামী দিনে দেশের মানুষ যেন আরও ভালোভাবে জীবনযাপন করতে পারে, সেটিই সরকারের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী গৌরনদী থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি ত্রিশ গোডাউনের বধ্যভূমি-সংলগ্ন সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।