1. »
  2. জাতীয়

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১০:৫১ এএম | আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ১০:৫২ এএম

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক, অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। 

গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শোক পালনের অংশ হিসেবে আজ দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই নির্দেশনা প্রযোজ্য হবে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনের ক্ষেত্রেও।

প্রজ্ঞাপনে বলা হয়, আধুনিক কাতারের রূপকার এবং বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের বন্ধু শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে ক্ষমতা হস্তান্তর করেন।

শোক পালনের অংশ হিসেবে তাঁর রুহের মাগফিরাত কামনায় আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। 

এর আগে জাতীয় সংসদে শেখ হামাদের মৃত্যুতে একটি শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা কাতারের বর্তমান আমিরের কাছে পৌঁছে দিতে জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দোহা সফর করেছে।