ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন
বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ০৮:৩৬ পিএম | আপডেট: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ০৮:৩৬ পিএম
তিন ফরম্যাটে তিন অধিনায়কের অধ্যায়ের ইতি টানল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টির পর এবার মিরাজকে সরিয়ে ওয়ানডে ফরম্যাটেও নেতৃত্বের দায়িত্ব পেলেন লিটন কুমার দাস। তবে টেস্টে আগের মতোই অধিনায়ক থাকছেন নাজমুল হোসেন শান্ত।
আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
সংবাদ সম্মেলনে বোর্ডের অবস্থান স্পষ্ট করে তামিম ইকবাল বলেন, "তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেন ছিল। আমি মনে করি, আমাদের দুইজন ক্যাপ্টেন থাকা উচিত। বোর্ডও বিশ্বাস করে দুইজন ক্যাপ্টেন থাকা উচিত।" এর মধ্য দিয়ে সাদা বলের দুই ফরম্যাটের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) নেতৃত্ব একসঙ্গে লিটনের হাতে তুলে দেওয়া হলো। তার সহকারী হিসেবে সাদা বলের ক্রিকেটে দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়। নেতৃত্বে এই পরিবর্তনের মাধ্যমে দলে নতুনত্ব আনতে চাইছে বোর্ড।
লিটনের আগে ওয়ানডে নেতৃত্বে ছিলেন মেহেদী হাসান মিরাজ। ২০২৫ সালের জুনে নাজমুল হোসেন শান্তর কাছ থেকে দায়িত্ব পাওয়া মিরাজের মেয়াদ চলতি বছরের এপ্রিলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছিল।
তার নেতৃত্বে মোট ২৪ ওয়ানডেতে ১০ জয়, ১৩ হার ও ১টি ম্যাচ টাই হয়—সিরিজের হিসাবে অবশ্য তিনি বেশ সফল, পাঁচ সিরিজের চারটিতেই জিতেছে দল। তবে ঘরের মাঠে ভালো করলেও বিদেশের মাটিতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি; বিদেশে ১৩ ওয়ানডেতে বাংলাদেশের জয় মাত্র ২টি।
মিরাজকে সরানোর সিদ্ধান্তের ব্যাখ্যায় তামিম ইকবাল বলেন, "মিরাজ সফল একজন ক্যাপ্টেন। সে পাঁচটা সিরিজের মধ্যে চারটা সিরিজ জিতেছে। মিরাজকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত, একজন পারফর্মার হিসেবে। সম্প্রতি তাকে আমরা সেভাবে দেখছি না, বিশেষ করে ব্যাটিংয়ে। আশা করি সে রিদমে ফিরবে। আমি মিরাজের সঙ্গে কথা বলেছি, তাকে ব্যাখ্যা দিয়েছি, সে বিষয়টা বুঝতে পেরেছে। দুই পাশ থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই এই সিদ্ধান্ত।"
উল্লেখ্য, এর আগেও ওডিআইতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন লিটন কুমার দাস। ২০২২ সালের ডিসেম্বরে বর্তমান বিসিবির প্রেসিডেন্ট তখনকার নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল চোটে পড়ায় ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাকে অধিনায়ক করা হয়। সেই সিরিজে বাংলাদেশ প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলে (২-০), যদিও তৃতীয় ম্যাচে ইশান কিষাণের ডাবল সেঞ্চুরির সুবাদে ভারত বড় ব্যবধানে জিতে নেয়— শেষ পর্যন্ত সিরিজ শেষ হয় ২-১ ব্যবধানে বাংলাদেশের পক্ষে।
আরও পড়ুন
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ওটামেন্দি
- বিশ্বকাপ সেরা একাদশে স্পেন-আর্জেন্টিনার আধিপত্য, আছেন ভোজিনহা-রুমও
- বিশ্বকাপ শেষে ভিনিসিয়ুসের নতুন লুক ভাইরাল
- গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপ সেরা রদ্রি
- ট্রফি হাতে মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, বিশ্বকাপ উদযাপনে বিতর্ক
- দ্বিতীয়বারের মত বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- ফাইনালের টিকিটের দামে রেকর্ড, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ
- আজই কি মেসির শেষ ম্যাচ