1. »
  2. সমগ্র দেশ

কলাবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১২:৪৮ পিএম | আপডেট: রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১২:৪৮ পিএম

কলাবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

রাজধানীর কলাবাগান এলাকায় স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে হৃদয় ওরফে শিপন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর তিনি নিজেই কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। 

রোববার সকাল সাড়ে ৯টার দিকে কলাবাগান থানার কাঁঠালবাগানের আল-আমিন রোডের একটি বাসায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রী (২০) ও তাঁর মা ফিরোজা বেগম (৪০)।

পুলিশ জানায়, শনিবার স্বামী-স্ত্রী মোহাম্মদপুরে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে রাতে তাঁরা কাঁঠালবাগানের আল-আমিন রোডে শ্বশুরের বাসায় ওঠেন। রোববার সকালে তাঁদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে এই হত্যাকাণ্ড ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পিকআপ ভ্যানচালক হৃদয় স্ত্রী ও সন্তানকে নিয়ে আল-আমিন রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।

অভিযোগ অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে ঝগড়ার একপর্যায়ে হৃদয় ঘরে থাকা তরকারি কাটার ছুরি দিয়ে প্রথমে স্ত্রী ফারজানাকে আঘাত করেন, যাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মেয়ের পক্ষ নিয়ে বাধা দিতে এলে শাশুড়ি ফিরোজা বেগমকেও ছুরিকাঘাত করেন তিনি। গুরুতর আহত অবস্থায় ফিরোজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর অভিযুক্ত হৃদয় ওরফে শিপন নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। 

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। পুলিশ ফারজানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।