ঝড়-বন্যায় বিপর্যস্ত নিউইয়র্ক, নিউ জার্সিতে জরুরি অবস্থা
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫০ এএম | আপডেট: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫০ এএম
শক্তিশালী ঝড় ‘নরইস্টার’-এর প্রভাবে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। নিউইয়র্ক ও বোস্টনসহ বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও উপকূলীয় বন্যায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটি ও বোস্টনসহ বিভিন্ন এলাকায় ঝড়ের প্রভাবে বিপজ্জনক মাত্রার উপকূলীয় বন্যা, ভারী বৃষ্টি ও শক্তিশালী বাতাস হতে পারে।
ঝড়ের প্রভাবে উত্তর-পূর্বাঞ্চলে এরই মধ্যে এক লাখের বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা পাওয়ারআউটেজ জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের বড় অংশই এ অঞ্চলের বাসিন্দা।
আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে বিমান চলাচলেও। ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, দুই হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং বাতিল হয়েছে প্রায় এক হাজার ২০০ ফ্লাইট। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নিতে বলা হয়েছে।
পূর্ণিমার কারণে উপকূলীয় এলাকায় পানির উচ্চতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। নিউ জার্সির সার্ফ সিটি ও মানাসকোয়ান এলাকায় ইতোমধ্যে রাস্তাঘাট ও বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।
নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে এনডব্লিউএস। সংস্থাটি বলছে, উপকূলসংলগ্ন নিচু এলাকায় রাস্তা পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
ঝড়ের প্রভাব পড়েছে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজনেও। নিরাপত্তার কারণে বোস্টনে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের কনসার্ট বাতিল করা হয়েছে। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ও বাতিল করা হয়েছে। ওই আয়োজনে লরিন হিল, ওয়াইক্লেফ জিন ও জন লেজেন্ডের পারফর্ম করার কথা ছিল।
এ ছাড়া নিউইয়র্ক রেড বুল ও সেন্ট লুইস সিটি এসসির পেশাদার ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছে। বোস্টন রেড সক্স ও শিকাগো কাবসের ম্যাচটি রোববার ফ্লোরিডায় সরিয়ে নেওয়া হয়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, নিউইয়র্কে সপ্তাহজুড়ে ঘণ্টায় প্রায় ৫৫ মাইল বা ৮৬ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। এতে গাছ উপড়ে পড়া এবং বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালানো কিংবা হেঁটে চলাচল না করার আহ্বান জানিয়েছেন তিনি।
নিউ জার্সির গভর্নর মিকি শেরিলও ঝড়ের বিষয়ে বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন
- সৌদি জ্বালানি অবকাঠামোয় হুতিদের হামলা, বিশ্ববাজারে তেলের দামে বড় উত্থান
- বিদায়ী ভাষণে যুদ্ধ বন্ধ ও এআই ঝুঁকি মোকাবিলায় জোর জাতিসংঘের মহাসচিবের
- শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান
- মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ, বাড়ছে সংঘাতের শঙ্কা
- ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা
- সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
- রাশিয়ার ওপর ৫০০, ভারতসহ কয়েকটি দেশে ১০০ শতাংশ শুল্কের ক্ষমতা ট্রাম্পের
- সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, তিনজনই শিশু