সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৭ পিএম | আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৭ পিএম
সৌদি আরবের রাজধানী রিয়াদ ও লোহিত সাগরের উপকূলীয় এলাকায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি দেশটি।
শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাংক থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। একই সময়ে বিমানবন্দরে ফ্লাইট চলাচলেও সাময়িক বিঘ্ন ঘটে। হুতিদের হামলা বৃদ্ধির পর এই প্রথম রিয়াদে বিমান হামলার সতর্কবার্তা জারি করা হয়।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল-সারিয়া দাবি করেন, রিয়াদের ‘সংবেদনশীল স্থাপনা’ এবং লোহিত সাগর উপকূলের ইয়ানবু এলাকায় সৌদি রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তার দাবি, হামলায় বিপুলসংখ্যক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার জবাব হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র জানিয়েছেন, মক্কা, তাইফ, ফারাসান ও ইয়ানবু শহরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো ‘শত্রুতামূলক প্রচেষ্টা’ প্রতিহত করা হয়েছে।
হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সম্ভাব্য ফ্লাইট বাতিল ও ভ্রমণ বিঘ্নের জন্য প্রস্তুত থাকার পাশাপাশি অঞ্চলটিতে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের সঙ্গে হুতিদের দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। এরই মধ্যে এএফপির একটি অনিশ্চিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, শনিবারের সংঘর্ষে উভয় পক্ষের ৪৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হুতিদের ৩১ জন এবং সরকারি বাহিনীর ১৭ জন রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতের কারণে ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৭৯৬ ছাড়িয়েছে।
সম্প্রতি হুতিরা কৌশলগত বন্দরনগরী মোকা ও পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার দাবিও করেছে। লোহিত সাগরের এই গুরুত্বপূর্ণ অঞ্চল দিয়েই সৌদি আরবের তেল ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে পরিবহন করা হয়।
সূত্র: বিবিসি
আরও পড়ুন
- রাশিয়ার ওপর ৫০০, ভারতসহ কয়েকটি দেশে ১০০ শতাংশ শুল্কের ক্ষমতা ট্রাম্পের
- সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, তিনজনই শিশু
- হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে ইরানের হামলা
- যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
- নাইজেরিয়ায় বিষাক্ত দেশি মদ পান করে ৪৮ জনের মৃত্যু
- ইরানে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- সুদানে সোনার খনি ধসে নিহত ৮২
- লস অ্যাঞ্জেলেসে ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩