যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪০ এএম | আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪০ এএম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রশিক্ষণ মহড়ায় অংশ নেওয়ার সময় একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আগুনের বড় বড় শিখা ও আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মিশিগান স্টেট পুলিশ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
দুর্ঘটনার কিছুক্ষণ আগে একই প্রশিক্ষণ মহড়ায় থাকা আরেকটি বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে যুদ্ধবিমানটির সম্ভাব্য সমস্যার কথা জানান। লাইভএটিসি ডটনেটের ধারণ করা কথোপকথনে ওই পাইলটকে বিমানটি সম্ভবত কোনো পাখির সঙ্গে ধাক্কা খেয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করতে শোনা যায়।
এর কিছুক্ষণ পর স্থানীয় সময় বিকেলে একটি আবাসিক এলাকার কাছের মাঠে এফ-১৬টি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর সেখানে ব্যাপক কালো ধোঁয়া দেখা যায়।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের এক কর্মকর্তা জানান, যুদ্ধবিমানটির ইঞ্জিনে ত্রুটি হয়ে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মিশিগান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, বিমানটিতে শুধু একজন পাইলট ছিলেন। বিধ্বস্ত হওয়ার আগেই তিনি নিরাপদে বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হননি।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এফ-১৬টি মিশিগানের আলপেনা এলাকায় অবস্থিত একটি ন্যাশনাল গার্ড ঘাঁটিতে প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছিল।
এদিকে দুর্ঘটনার পর বিমান থেকে ‘বিপজ্জনক রাসায়নিক’ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এ কারণে দুর্ঘটনাস্থলের এক মাইলের মধ্যে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে অধিকাংশ বাসিন্দাকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়।
দুর্ঘটনার কারণ এবং যুদ্ধবিমানটির ইঞ্জিনে ঠিক কী ধরনের সমস্যা হয়েছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন
- সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, তিনজনই শিশু
- হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে ইরানের হামলা
- নাইজেরিয়ায় বিষাক্ত দেশি মদ পান করে ৪৮ জনের মৃত্যু
- ইরানে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে জাতিসংঘ
- সুদানে সোনার খনি ধসে নিহত ৮২
- লস অ্যাঞ্জেলেসে ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
- সৌদির সামরিক ঘাঁটিতে হুথিরক্ষেপণাস্ত্র হামলা
- জাভা সাগরে ২৪০ যাত্রীসহ জাহাজ নিখোঁজ, উদ্ধার অভিযান শুরু