শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৭ পিএম | আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৭ পিএম
যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা অবরোধ তুলে নিলে হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে তেহরান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে নিরাপত্তার কারণে নিজের পরিচয় প্রকাশ করেননি তিনি।
ওই কর্মকর্তা জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে যে তারা কূটনৈতিকভাবে চলমান সংকটের সমাধান করতে আগ্রহী। এরপর দুই দেশের সম্মতির ভিত্তিতে আলোচনার প্রক্রিয়া ও সময়সূচি নির্ধারণ করা হবে।
তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ইরানের প্রতিনিধিদল বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরুর বিষয়ে তাদের প্রয়োজনীয় এখতিয়ার দেওয়া হয়েছে।
এর আগে রোববার ইরানের সামরিক কেন্দ্রীয় কমান্ড জানায়, আঞ্চলিক দেশগুলোর সহযোগিতায় যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য তারা পেয়েছে। ওয়াশিংটন এ ধরনের পদক্ষেপ নিলে কোনো ধরনের বিবেচনা ছাড়াই পাল্টা জবাব দেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মঙ্গলবার সকালে নিউইয়র্কের উদ্দেশে তেহরান ছাড়েন। তবে জাতিসংঘ সদরদপ্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর কোনো বৈঠক হবে না বলে জানিয়েছেন ইরানের ওই কর্মকর্তা।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত বন্ধে সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা শুরু করা যেতে পারে। এ বিষয়ে গত ১৬ সেপ্টেম্বর ওয়াশিংটনের কাছে ইরানের পক্ষ থেকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
ইরানি কর্মকর্তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সামনে এখন কূটনৈতিক পথে ফেরার সুযোগ রয়েছে। ওয়াশিংটন বাস্তব ও দৃশ্যমান পদক্ষেপ নিলে তেহরান আলোচনায় বসতে আগ্রহী।
আরও পড়ুন
- মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ, বাড়ছে সংঘাতের শঙ্কা
- ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা
- সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
- রাশিয়ার ওপর ৫০০, ভারতসহ কয়েকটি দেশে ১০০ শতাংশ শুল্কের ক্ষমতা ট্রাম্পের
- সৌদি-হুথি পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, তিনজনই শিশু
- হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে ইরানের হামলা
- যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
- নাইজেরিয়ায় বিষাক্ত দেশি মদ পান করে ৪৮ জনের মৃত্যু