হাসিনার ফাঁসির রায় দেশের জনগণ কার্যকর করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৯ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:১৯ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিস্ট সরকারে রেখে যাওয়া ধ্বংসযজ্ঞ থেকে উত্তরণ করে একটি স্বাবলম্বী দেশ গঠনের পরিকল্পনা নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। সরকারের এই সাফল্য বিনষ্ট করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। জনগণ ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র করে জনগণের সরকারকে হটানো যাবে না। হাসিনার ফাঁসির রায় জনগণ কার্যকর করবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় দুর্গম চরাঞ্চলের সুফলভোগী খামারীদের মাঝে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে মানিকগঞ্জ থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। বেগম খালেদা জিয়াও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আজীবন কাজ করে গেছেন। তাদের যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের লক্ষ্যে খাল খনন কর্মসূচি সহ বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জনগণের সরকার। বিএনপি জনবান্ধব সরকার। বিএনপি ক্ষমতায় থাকলে জনগণ ভালো থাকে।
তিনি বলেন, শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের ঘোষণার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। যতবার গণতন্ত্রের উপর আঘাত এসেছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি ততবার প্রতিহত করেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের মানুষ স্বৈরাচারের পতন ঘটিয়েছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতার দায়িত্ব গ্রহণ করেছে। গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হয়েছে। ইচ্ছে করলেই কোন অপশক্তি এই অর্জনকে ধুলিস্যাৎ করতে পারবেনা।হুমকি-ধামকি দিলে লাভ নেই, শেখ হাসিনার ফাঁসি দেশের জনগণ কার্যকর করবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘সারা দেশের প্রান্তিক জনগণকে কীভাবে গড়ে তোলা যায়, অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায়, সেই লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছি। আজ যাদের বকনা বাছুর বিতরণ করছি, এগুলো যদি ঠিকভাবে লালন-পালন করা হয়, একসময় তারা খামারিতে রূপান্তরিত হবেন। নিজেরাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। এ জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার খুন-গুম করেছে। শিশু-বাচ্চাদের পর্যন্ত হত্যা করেছে। সেই সরকার জালেম, জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের বিতাড়িত করেছে। আজকে তারা বিভিন্ন ধরনের কথা বলে আবার আসতে চায়।’
শেখ হাসিনার উদ্দেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আপনার যে ফাঁসির রায় হয়েছে, সেই রায় বাংলাদেশের জনগণ কার্যকর করতে চায়। যে পরিমাণ খুন-গুম করেও কোনো অনুশোচনা নেই, তাকে দেশের মানুষ ছেড়ে দেবে না।’
তিনি আরও বলেন, ‘অনুশোচনা না করে হুমকি-ধামকি দেওয়া শুরু করেছে। হুমকি-ধামকি দিয়ে এই দেশের জনগণকে কি রোধ করা যায়? যাবে না। এই দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। যতবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, ততবার গণতন্ত্র রক্ষার জন্য বিএনপি আন্দোলন করেছে।’
তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ষড়যন্ত্রই যেন এই দেশে করতে না পারে। আমরা যদি সজাগ থাকি, ষড়যন্ত্র করে লাভ হবে না।’
অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিএনপির নেতাকর্মী ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে সুফলভোগীর মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুফলভোগী খামারিদের মধ্যে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
আরও পড়ুন
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
- একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
- দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
- সারাদেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার
- বোয়িংয়ের পর এবার এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কিনছে সরকার
- মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
- প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল: মাহদী আমিন