ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:২১ পিএম | আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:২১ পিএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মনোনীত ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমীন। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুকের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। এসব আপিল ৬ অক্টোবর নিষ্পত্তি করা হবে।
এরপর ৭ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে।
এর আগে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই শূন্য আসনেই এবার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও পেজের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার
- একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
- হাসিনার ফাঁসির রায় দেশের জনগণ কার্যকর করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
- দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি
- সারাদেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার
- বোয়িংয়ের পর এবার এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কিনছে সরকার
- মতিঝিল আইডিয়ালের ২৩ শিক্ষককে দুদকের তলব
- প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সফল: মাহদী আমিন