1. »
  2. জাতীয়

সরকারি বাসা সাবলেটকারীদের ৩১ অক্টোবরের মধ্যে ছাড়ার নির্দেশ

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ০৮:১৩ এএম | আপডেট: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ০৮:১৩ এএম

সরকারি বাসা সাবলেটকারীদের ৩১ অক্টোবরের মধ্যে ছাড়ার নির্দেশ

সরকারি বাসা বা ফ্ল্যাট বরাদ্দ নিয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। বরাদ্দ পাওয়া কোনো কর্মকর্তা-কর্মচারী নিজের নামে বরাদ্দ করা বাসার পুরোটা কিংবা আংশিক অন্য কারও কাছে ভাড়া বা সাবলেট দিতে পারবেন না। এ নিয়ম ভঙ্গ করলে কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই বরাদ্দ বাতিলের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জাহিরুল ইসলাম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন সরকারি আবাসন পরিদর্শন করে দেখা গেছে, বরাদ্দ পাওয়া কিছু কর্মকর্তা-কর্মচারী তাঁদের বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা সম্পূর্ণ বাসা অন্যের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর সুস্পষ্ট পরিপন্থি।

এ অবস্থায় যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ইতোমধ্যে তাঁদের বরাদ্দ করা বাসা বা ফ্ল্যাটের পুরোটা কিংবা কোনো অংশ সাবলেট দিয়েছেন, তাঁদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতাকে সরিয়ে দিয়ে নিজ বাসায় বসবাস শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়ের পর সরেজমিন পরিদর্শনে কোনো বাসা সাবলেট দেওয়ার প্রমাণ পাওয়া গেলে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সরাসরি বরাদ্দ বাতিল করা হবে।

পাশাপাশি অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ‘বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২’-এর ১৪(৩) বিধি অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে লিখিতভাবে অনুরোধ জানাবে সরকারি আবাসন পরিদপ্তর।