বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ফেলে আসেননি প্রধানমন্ত্রী : আতিকুর রহমান রুমন
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১২:০৫ পিএম | আপডেট: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১২:০৫ পিএম
বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে জাপান থেকে দেশে ফিরতে কিছুটা বিলম্ব হলেও সফরসঙ্গীদের সবাইকে সঙ্গে নিয়েই ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাইলে বিকল্প বিমানে দেশে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের রেখে আসতে চাননি তিনি। এ সময় বিমানের যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্তও করেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (৩০ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি বলেন, ‘জাপান থেকে ফেরার আগে বিমানে সামান্য ত্রুটি দেখা দিয়েছিল। তবে প্রধানমন্ত্রী চাইলে অন্য কোনো বিমানে দেশে ফিরতে পারতেন। কিন্তু সবাইকে সেখানে ফেলে তিনি সেটি করতে চাননি। ওই মুহূর্তে প্রধানমন্ত্রী বিমানের অন্য যাত্রীদের কাছে গিয়ে কথা বলেছেন, তাদের আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে নিয়েই দেশে ফিরেছেন।’
জাপানে চার দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, জাপান থেকে বিমান ছাড়ার আগে পর্যবেক্ষণের সময় সামান্য যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তবে এটি বড় কোনো সমস্যা ছিল না। পরে সফটওয়্যারের মাধ্যমে দ্রুত ত্রুটির সমাধান করা হয়।
এ সময় বিমানের যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থাও করেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বিশেষ করে শিশুদের খোঁজখবর নেন তিনি, যাতে তারা আতঙ্কিত না হয়।
আতিকুর রহমান রুমন বলেন, ‘তিনি তাৎক্ষণিক বিমানের যাত্রীদের অভয় দেন। বিশেষ করে বাচ্চারা যেন কান্নাকাটি না করে, তারা যেন ভালোভাবে ফিরতে পারে, সে বিষয়ে খোঁজ নিয়েছেন।’
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর চার দিনের সরকারি সফরে দেশটিতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন তারেক রহমান। এ ছাড়া দেশটির বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
- সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই
- সরকারি বাসা সাবলেটকারীদের ৩১ অক্টোবরের মধ্যে ছাড়ার নির্দেশ
- ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের বিশাল জয়
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু
- প্রধানমন্ত্রীর সঙ্গে জেটরোর প্রেসিডেন্ট বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আহ্বান
- আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী