1. »
  2. সমগ্র দেশ

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১০:৫৬ এএম | আপডেট: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১০:৫৬ এএম

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সকালে মিরপুরের বিভিন্ন স্থান থেকে পোশাকশ্রমিকেরা জড়ো হয়ে মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

একই দাবিতে গতকাল শনিবারও মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। তাঁদের অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ ছিল।

একপর্যায়ে শ্রমিকেরা মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। কালশী এলাকায় একটি পোশাক কারখানায়ও ইটপাটকেল নিক্ষেপ করেন তাঁরা।

এদিকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

গতকাল শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।