1. »
  2. রাজনীতি

পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবিদুলের

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১১:২১ এএম | আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১১:২১ এএম

পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবিদুলের

জুলাইয়ের শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। একই সঙ্গে নুসরাতকে জুলাইয়ের কন্যা ও সহযোদ্ধা উল্লেখ করে তাঁর পাশে পূর্ণশক্তি নিয়ে থাকার ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আবিদুল।

পোস্টে তিনি পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জুলাইয়ের সামগ্রিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। যাদের হাতে হাজারো মানুষের রক্ত, তাদের কোনোভাবেই রাজনীতিতে ফিরে আসতে দেওয়া যাবে না।

নুসরাতকে নিজের বোন ও সহযোদ্ধা উল্লেখ করে আবিদুল লেখেন, তাঁরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে রয়েছেন। একই সঙ্গে ফ্যাসিস্ট শক্তির যেকোনো তৎপরতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার সমালোচনা করে আবিদুল বলেন, দেশের হাজার হাজার মানুষ হত্যার পরও সংশ্লিষ্টদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তিনি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।

পোস্টের শেষাংশে তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানান এবং দেশজুড়ে ফ্যাসিবাদবিরোধী শক্ত অবস্থান গড়ে তোলার কথা বলেন।