1. »
  2. জাতীয়

ডিসেম্বরেই আসছে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা, উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ০৬:৩২ পিএম | আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ০৬:৩২ পিএম

ডিসেম্বরেই আসছে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা, উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

দীর্ঘ অপেক্ষার পর জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। ঢাকায় প্রস্তাবিত 'বাংলাদেশ ফেস্টিভ্যাল'-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়ে এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের আশা করা হচ্ছে। সব ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারি থেকেই প্রায় ১ হাজার ৫০০ পর্যটন আকর্ষণকে ঘিরে সমন্বিত উন্নয়ন কৌশলের বাস্তবায়ন শুরু হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানান। তাঁর ভাষ্য, উৎসব চলাকালেই মহাপরিকল্পনা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার।

পাঁচ দিনব্যাপী এ উৎসবের সম্ভাব্য তারিখ ২৭ থেকে ৩১ ডিসেম্বর। তবে উৎসবের চূড়ান্ত কর্মসূচি এবং প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

ফারুকী জানান, পর্যালোচনা কমিটির যাচাই শেষে ৩০ নভেম্বরের মধ্যে মহাপরিকল্পনাটি হাতে পাওয়ার আশা করছে বিটিবি। এরপর তা অনুমোদনের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তিনি বলেন, "ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আমরা এটি মন্ত্রণালয়ে জমা দেওয়ার আশা করছি। চূড়ান্তকরণ প্রক্রিয়া শেষ করে জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন নিতে পারলে জানুয়ারি থেকেই বাস্তবায়ন শুরু করার লক্ষ্য রয়েছে আমাদের।"

নির্ধারিত সময়ের মধ্যেই বাকি আনুষ্ঠানিকতা শেষ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিটিবি প্রধান।

মহাপরিকল্পনার সারসংক্ষেপ অনুযায়ী, নথিটিতে ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখা রয়েছে। বাংলাদেশকে প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যটন গন্তব্যে পরিণত করাই এর মূল লক্ষ্য।

আটটি প্রশাসনিক বিভাগে প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ ও আকর্ষণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। অবকাঠামো, পর্যটন পণ্য, গন্তব্য ব্যবস্থাপনা, বিপণন ও মানবসম্পদের সমন্বিত উন্নয়নের প্রস্তাবও এতে রয়েছে। ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই রূপরেখায় যেসব পর্যটন খাতের বিকাশের প্রস্তাব করা হয়েছে:
সমুদ্রসৈকত, ইকো-ট্যুরিজম, সাংস্কৃতিক, ঐতিহ্যবাহী, ধর্মীয়, অ্যাডভেঞ্চার, নদীভিত্তিক, গ্রামীণ, ক্রুজ এবং 'মাইস' (মিটিং, ইনসেনটিভ, কনফারেন্স ও এক্সিবিশন) পর্যটন।

বিনিয়োগ আকর্ষণে ই-ভিসা চালু, পর্যটকদের নিরাপত্তা জোরদার, গন্তব্য ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণের সুপারিশও করা হয়েছে। এ ছাড়া আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা ও স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার প্রস্তাব রয়েছে।

মহাপরিকল্পনায় দায়িত্বশীল প্রতিষ্ঠান চিহ্নিতকরণ, অর্থায়নের বিকল্প উৎস, প্রকল্পের অগ্রাধিকার ও তদারকি ব্যবস্থা নিয়ে একটি বাস্তবায়ন কাঠামো প্রস্তাব করা হয়েছে। প্রাথমিক অগ্রাধিকারমূলক প্রকল্প গ্রহণ, বিনিয়োগে প্রণোদনা এবং পিপিপির সুপারিশও আছে।

ফারুকী জানান, প্রয়োজনীয় অনুমোদন পেলে ২০২৭ সালের জানুয়ারি থেকেই অগ্রাধিকারমূলক কার্যক্রম শুরু করতে চায় সরকার। তিনি জোর দিয়ে বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নের অর্থ কেবল হোটেল, রিসোর্ট বা অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ নয়।

তাঁর ভাষ্যে, শুরুর দিকের কার্যক্রমে গন্তব্যের প্রচারণা, পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ, স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এবং সরকারি সংস্থা ও বেসরকারি খাতের অংশীদারদের মধ্যে সমন্বয় অন্তর্ভুক্ত থাকতে পারে।

এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে পর্যটনকে অন্যতম প্রধান খাত হিসেবে গড়ে তুলতে সমন্বিত মহাপরিকল্পনা তৈরি করছে সরকার। পর্যটনকে অগ্রাধিকারমূলক খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী কক্সবাজার, সিলেট ও খুলনায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের জমিতে আন্তর্জাতিক মানের হোটেল ও পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন। কক্সবাজারে পিপিপি ভিত্তিতে উন্নয়নের জন্য ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করা হয়েছে। আতিথেয়তা খাতের জনবলের দক্ষতা বাড়াতে মোটেল লাবণী চত্বরে একটি আধুনিক পর্যটন প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়া হচ্ছে।

পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, সরকার প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্র অন্তর্ভুক্ত করে মহাপরিকল্পনা চূড়ান্ত করছে। কমিউনিটিভিত্তিক পর্যটনের প্রসার, পর্যটকদের নিরাপত্তা জোরদার ও পর্যটন খাতের তথ্য-উপাত্ত উন্নত করার উদ্যোগ চলছে। একই সঙ্গে 'জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬' প্রণয়নের কাজও শুরু হয়েছে।

পর্যটন খাতের অংশীজনেরা বারবার মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। তাঁদের মত, সমন্বিত বিনিয়োগ, পেশাদার গন্তব্য ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়ন ছাড়া দেশের পর্যটন সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয়।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ শক্তিশালী পর্যটন প্রতিষ্ঠান, পেশাদার প্রশিক্ষণ ও নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন। টোয়াবের সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান অবকাঠামোর পাশাপাশি পর্যটকদের অভিজ্ঞতা ও সেবার মানোন্নয়নের পক্ষে মত দিয়েছেন।

প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান বেসরকারি খাতের অংশগ্রহণ, কার্যকর গন্তব্য ব্যবস্থাপনা ও সমন্বিত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, মহাপরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, পরিবেশগত স্থায়িত্ব, পর্যটন বিপণন ও উন্নত যোগাযোগ ব্যবস্থাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া প্রয়োজন।

২০১৯ সালে মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ নেওয়ার পর থেকেই দেশের পর্যটন খাত একটি সমন্বিত জাতীয় উন্নয়ন রূপরেখার অপেক্ষায় আছে। কোভিড-১৯ মহামারি, প্রশাসনিক জটিলতা এবং বিগত সরকারগুলোর আমলে দফায় দফায় পর্যালোচনার কারণে প্রক্রিয়াটি বারবার পিছিয়েছে। প্রস্তাবিত এই ঘোষণা তাই দেশের পর্যটন শিল্পের জন্য বড় মাইলফলক হয়ে থাকবে।

সূত্র: বাসস
 

আরও পড়ুন